বিষয়বস্তুর দিকে


শুরু হলো বব্স’এর ভোটাভুটি!


ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অনলাইন ভোট শুরু হয়েছে৷ ১১টি ভাষায় ১৭টি বিভাগে পুরস্কারের জন্য ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট মনোনয়ন করা হয়েছে৷ ২রা মে অবধি ভোট দিতে পারবেন আপনারা৷

আমাদের আন্তর্জাতিক জুরি প্রতিযোগীদের মনোনয়ন করেছেন৷ এবার ভোট দিয়ে আপনাদের, অর্থাৎ জনতার পুরস্কার কে অথবা কারা পাবেন, তা নির্ধারণ করবেন আপনারা, ইন্টারনেট ব্যবহারকারীরা৷ অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ’৷ ‘ইউজার প্রাইজ’ এবং ‘জুরি অ্যাওয়ার্ড’ দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ বিজয়ী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট নিয়মাবলীতে৷

জুরিসদস্যরা বিগত কয়েক দিনে ৩,২০০টি প্রস্তাব বিবেচনা করে দেখেছেন৷ এই পাহাড়প্রমাণ কাজ তাঁরা যে আন্তরিকতার সঙ্গে করেছেন, সে’জন্য আমরা সর্বাগ্রে জুরিদের ধন্যবাদ জানাতে চাই৷ অসংখ্য ধন্যবাদ!

এ’বছরের বব্স পুরস্কারের জন্য মনোনীত ব্লগ ও ওয়েবসাইটগুলির মধ্যে অসাধারণ কিছু দৃষ্টান্ত রয়েছে, রয়েছে ইন্টারনেটে রাজনৈতিক ও সামাজিক তৎপরতার কিছু অসাধারণ নিদর্শন৷ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টিতে এমন সব প্রকল্প এবং উদ্যোগ নজরে পড়েছে, যেগুলি চমকে দেওয়ার মতো৷ এ’বছর বব্স’এর মূল বিষয় ‘‘জনশিক্ষা ও সংস্কৃতি’’, এবং আমাদের এই ‘স্পেশাল টপিক’ বিভাগে যে এতো বেশি প্রস্তাব এসেছে, তা’তে আমরা বিশেষ আনন্দিত৷

আগামী পয়লা মে জুরি বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ’টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন৷ এই মিশ্র এবং মুখ্য বিভাগগুলি প্রধানত ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কগুলিতে আন্দোলন , ভিডিও চ্যানেল ও অভিনব শিক্ষামূলক প্রকল্প সংক্রান্ত৷ এই ছ’টি মূল বিভাগে নির্দিষ্ট ভাষার কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টি থেকেই প্রতিযোগীদের নেওয়া এবং বিচার করা হবে৷

আরো জানতে ইচ্ছে করছে? এ’সব বিভাগে মনোনীত প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারবেন thebobs.com/bengali পাতায় গিয়ে৷ সেখানে মনোনীত প্রকল্পগুলির বিশদ বিবরণ দেওয়া আছে প্রতিযোগিতার সব ক’টি ভাষায়৷ যে সব ভাষা আপনার জানা নেই, সে সব ভাষায় কী’ধরনের সাহসী ও সৃজনীশীল প্রকল্প ইন্টারনেটে চলেছে, তা জানার একটা বিরল সুযোগ!

বব্স ২০১২’র সব বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২রা মে৷ ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের জার্মানি আসার আমন্ত্রণ জানানো হবে, যা’তে তারা ২৬শে জুন বন’এ ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম’এর আঙ্গিকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারেন৷

Foto CC by JosephGilbert.org